দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামে একটি কালভার্ট নির্মাণ করা হলেও দুই পাশে সংযোগ সড়কে মাটি না ফেলায় সেটি কার্যত অচল হয়ে পড়েছে। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ২ লাখ ৬২ হাজার টাকা ব্যয়ে রসুলপুর কেন্দ্রীয় কবরস্থান ও মাদ্রাসা সংলগ্ন স্থানে কালভার্টটি নির্মাণ করা হয়। তবে প্রয়োজনীয় মাটির কাজ না হওয়ায় সেটি এখন জনসাধারণের কোনো উপকারে আসছে না।
এই পথ দিয়ে রসুলপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, কবরস্থানে যাতায়াতকারী মানুষ, মাদ্রাসা ও মসজিদের মুসল্লিসহ অন্তত ২০০ পরিবারের বাসিন্দারা চলাচল করেন। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয় বাসিন্দা আবু তালহা বলেন, এই পথ দিয়ে কবরস্থান ও স্কুলে যেতে হয়। কিন্তু কালভার্টে মাটি না থাকায় চলাচল খুব কষ্টকর হয়। বৃষ্টির দিনে পরিস্থিতি আরও খারাপ হয়। মৃত ব্যক্তিকে নিয়েও যেতে সমস্যা হয়। অন্তত ১৫০ ফুট রাস্তার কাজ হলে সবাই উপকৃত হবে।
আরেক বাসিন্দা আব্দুস সালাম বলেন, শুকনা সময়েও চলতে কষ্ট হয়, আর বর্ষায় তো চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে। দ্রুত কাজ শেষ করা দরকার।
এক শিক্ষার্থী জানায়, বর্ষায় স্কুলে যাওয়া সবচেয়ে বেশি কষ্টকর হয়ে পড়ে। ভাঙা ও পিচ্ছিল পথে চলতে গিয়ে দেরি হয়ে যায়।
রায়দৌলতপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. হায়দার আলী বলেন, বিগত সময়ে একাধিকবার রাস্তার মাপ নেওয়া হলেও কাজ হয়নি। বড় বাজেট প্রয়োজন, যা ইউপি থেকে পাওয়া যায়নি। পাশের জমির মালিকদের বাধাও রয়েছে। আমরা বাজেট আনার চেষ্টা করছি।
তিনি জানান, কালভার্টটি দিয়ে প্রায় আড়াই থেকে তিন হাজার মানুষ চলাচল করে।
এ বিষয়ে কামারখন্দ উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, এটি কোনো প্রকল্পের আওতায় আছে কি না, আগে তা যাচাই করতে হবে। এরপর বিষয়টি দেখা হবে।
জে আই